‘কেউ কাজের অফার দিচ্ছে না’

Archana Puran Singh
অনলাইন ডেস্ক ২০ এপ্রিল ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২০ এপ্রিল ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন
‘কেউ কাজের অফার দিচ্ছে না’
--সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ মানেই বিচারকের আসনে বসে অর্চনা পুরান সিংয়ের প্রাণখোলা অট্টহাসি। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘টোস্টার’। এই সিনেমার প্রচারণায় এসেই অভিনেত্রী জানালেন, কেন দীর্ঘ সময় তাকে পর্দায় দেখা যায়নি এবং কেন নির্মাতারা তাকে সিনেমার প্রস্তাব দেওয়া বন্ধ করে দিয়েছিলেন।

অনেকেই মনে করতে পারেন কপিল শর্মার সঙ্গে কাজ করাই হয়তো তার ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্চনা বলেন, ‘যখন টিভিতে কপিল শর্মার শো চলত, আমরা প্রতি বছর প্রায় ১০০টি পর্বের শুটিং করতাম। সেই সময় আমার কাছে একবার একটি সিনেমার প্রস্তাব আসে যার শুটিং হওয়ার কথা ছিল স্কটল্যান্ডে টানা ২৫ দিন ধরে। কিন্তু কপিলের শো ফেলে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, তাই প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছিল।’

অভিনেত্রী আরও জানান, এভাবে বারবার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ফলে এক সময় নির্মাতারা তার কাছে আসা বন্ধ করে দেন। অর্চনা বলেন, ‘বারবার না বলার কারণে লোকজন ধরে নিয়েছিলেন আমি অভিনয়ে আর আগ্রহী নই। তবে এখন শো-টি নেটফ্লিক্সে আসার পর আমরা সিজন অনুযায়ী শুটিং করি। ফলে হাতে অনেক সময় থাকে। এখন আর আমাকে সারা বছর ভারতে আটকে থাকতে হয় না, বাইরের প্রজেক্টে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।’

নিজের অভিনয় সত্তা নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি যতই চেষ্টা করি না কেন, নির্মাতাদের বোঝাতে পারছি না। কেউ আমাকে কাজের অফার দিচ্ছে না। তারা বিশ্বাসই করতে চায় না যে আমি একজন অভিনেত্রী; তারা মনে করে আমি কেবল ওই চেয়ারে বসে হাসাহাসি করা একজন মানুষ।’

উল্লেখ্য, ১৯৮৭ সালে নাসিরুদ্দিন শাহের বিপরীতে ‘জলওয়া’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অর্চনা। এরপর ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দে দানা দান’ এবং ‘বোল বচ্চন’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় পার্শ্ব চরিত্রে ও কমেডি রোলে তাকে দেখা গেছে। ২০১৯ সালে তিনি ‘দ্য কপিল শর্মা শো’-তে যোগ দেন।