৩৮ দিনে কত আয় করল ‘ধুরন্ধর ২’
আদিত্য ধরের হাত ধরে বড় পর্দায় ফেরা ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে। ২০২৬ সালের মার্চ মাসে মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে একের পর এক নতুন রেকর্ড গড়ছে ছবিটি। রণবীর সিংয়ের শক্তিশালী অভিনয় আর টানটান উত্তেজনার গল্পে মুগ্ধ দর্শক।
এমনকি বড় বড় সব আলোচিত ছবিও এই ‘ধুরন্ধর’ ঝড়ের কাছে ম্লান হয়ে গেছে। সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে টিকিট বিক্রির হার কিছুটা কমলেও, ছুটির দিনগুলোতে স্বমহিমায় ফিরছে ছবিটি। শনিবারের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ছবিটির জয়জয়কার অব্যাহত রয়েছে।
অগ্রিম বুকিং থেকেই ছবিটি তুলে নিয়েছিল ৪৩ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকা আয় করে বক্স অফিসে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিল ‘ধুরন্ধর ২’।
‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ৩৮তম দিনে (শনিবার) ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে ২.৯৫ লক্ষ টাকা। যদিও সংখ্যাটি শুরুর তুলনায় কম, তবে ভারতের বাজারে ছবিটির বর্তমান নেট কালেকশন ১হাজার ১২৭.১৪ কোটি টাকা। যা সাম্প্রতিক সময়ের যেকোনো অ্যাকশন থ্রিলার ছবির জন্য এক ঈর্ষণীয় রেকর্ড।
বর্তমানে প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের 'ভূত বাংলা'র সঙ্গে সরাসরি টক্কর দিতে হচ্ছে 'ধুরন্ধর ২'-কে। তবে লড়াইটা যে মোটেও সহজ নয়, তা প্রমাণ করে দিয়েছে রণবীরের এই ছবি। বিশেষ করে ছবির গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রণবীর সিংয়ের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি ও দানিশ পান্ডোর। সিক্যুয়েল হিসেবে মূল অভিনয়শিল্পীরা তাদের নিজ নিজ চরিত্রে ফিরে এসে দর্শকদের প্রত্যাশা শতভাগ পূরণ করেছেন।