ট্রেনের ভাড়া বকেয়া থাকায়, বে-সরকারী দুটি ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

Contract for two trains cancelled
আবুল কালাম আজাদ ২৮ এপ্রিল ২০২৬ ০৪:০২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ ২৮ এপ্রিল ২০২৬ ০৪:০২ অপরাহ্ন
ট্রেনের ভাড়া বকেয়া থাকায়, বে-সরকারী দুটি ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে
দুই কমিউটার ট্রেনের ভাড়া বকেয়া থাকায় চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

দুই কমিউটার ট্রেনের ভাড়া বকেয়া থাকায় চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। গত সোমবার (২৭ এপ্রিল) রাজশাহীর রেলভবনে কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) কার্যালয় থেকে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার/আর (পশ্চিম), জেনারেল ম্যানেজার (পশ্চিম)-এর পক্ষে মোঃ আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি পাঠানো হয় ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-এর প্রোপাইটর মোঃ হুমায়ুন কবিরের কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়, খুলনা–বেনাপোল–খুলনা রুটের ৫৩/৫৪ নম্বর বেতনা কমিউটার এবং মোংলা–বেনাপোল– মোংলা রুটের ৯৫/৯৬ নম্বর মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে রেলওয়ের সঙ্গে ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-এর চুক্তি সম্পাদিত হয়। তবে চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ১৫ শতাংশ ভ্যাট এবং ৫ শতাংশ উৎসে কর পরিশোধে ব্যর্থ হওয়ায় চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী ২৮ এপ্রিল ২০২৬ থেকে চুক্তিটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি থেকে খুলনা–বেনাপোল–মোংলা রুটে চলাচলকারী বেতনা ও মোংলা কমিউটার ট্রেনের টিকিট ও বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল এবং ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’ ট্রেন দুটির পরিচালনার দায়িত্ব পায়। রেলওয়ে সূত্র জানায়, আয়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

এই রুটে বেসরকারি টিকিট ব্যবস্থাপনার জন্য ২০২৫ সালের ২২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয় এবং ১৯ মে তা খোলা হয়। যাচাই-বাছাই শেষে জুনের প্রথম সপ্তাহে বিষয়টি রেলওয়ের মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে তিন বছরের জন্য ‘এইচ এন্ড এম ট্রেডিং কর্পোরেশন’-কে কার্যাদেশ দেওয়া হয়েছিল।

এর আগে একই রুটে ট্রেনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও যাত্রীসেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠায় পরবর্তীতে তা আবার সরকারি তত্ত্বাবধানে নেওয়া হয়।