দূর্গাপুরে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দূর্গাপুরে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত, রাজশাহীর দূর্গাপুর উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা হয়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ব্লাস্টের প্রতিনিধি।
আয়োজকেরা জানান, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য হলো জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজশাহী, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাকশিল্প খাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি ম্যাপ তৈরি, অভিভাবক সভা আয়োজন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাকশন প্ল্যান প্রণয়ন এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়নসহ,সভায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা আফরোজা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন এবিডিসি ফারজানা পারভীন, দূর্গাপুর অ্যাকাউন্টস অফিসার সোহেল রানা, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।