মোহামেডানকে হারাল কিংস, ব্রাদার্স ম্যাচে ‘লাল কার্ড’ বিতর্ক
বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল দুই চ্যাম্পিয়নের লড়াই। কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। এই ম্যাচে মোহামেডান এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে। অন্যদিকে ২-২ গোলে ড্র হয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ মধ্যকার ম্যাচটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৮তম মিনিটে মোহামডোন খেলায় লিড নেয়। কিংসের দুই ডিফেন্ডারকে ড্রিবলিং করে বক্সের মধ্যে বল বাড়ান মোহামেডানের সাইফুল হোসেন। উজবেক মিডফিল্ডার মোজাফফরভ গোল করতে ভুল করেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা আনে কিংস। রাকিব হোসেনের পাস থেকে গোল করেন ফয়সাল আহমেদ।
বিরতির পর মোহামেডান ব্যবধান বাড়ানোর সুযোগ মিস করে। সাদা-কালো দলের ফুটবলাররা মিস করলেও কিংস সুযোগ হাতছাড়া করেনি। ৬৮তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাস থেকে গোল করে কিংসকে জয় এনে দেন ডরিয়েলটন গোমেজ। এটি লিগে তার ১৫তম গোল।
এই জয়ের মাধ্যমে ১৫ ম্যাচ শেষে কিংস ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান মোহামেডানের।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২–২ গোলে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘ। এই ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে লাল কার্ড কাণ্ড।
আরামবাগের ফুটবলারকে রেফারি বিটুরাজ একবার সরাসরি লাল কার্ড দেখান। আরামবাগের ফুটবলারদের প্রতিবাদের প্রেক্ষিতে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে হলুদ কার্ড দেন। এতে তখন আবার ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা প্রতিবাদ জানায়। এতে খেলায় অনেকক্ষণ উত্তেজনা বিরাজ করে। ব্রাদার্স ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে আর আরামবাগ সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে আটে অবস্থান করছে।