এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা গ্রেফতার
চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাব-১৫। এরই ধারাবাহিকতায় কক্সবাজার দরিয়ানগর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে চক্রের অন্যতম হোতা সালাহউদ্দিন আহমেদকে (১৭) গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে অবস্থান করে ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত সংবাদে গতকাল বিকেলে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কিশোর অপরাধী সালাহউদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সালাহউদ্দিন স্বীকার করে সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করত। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে এবং অর্থ প্রাপ্তির পরপরই পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা সম্পন্ন করে আসছিল।
গ্রেফতার সালাহউদ্দিন কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সিটি কলেজ রোডের প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।