শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে আজ রোববার (৩ মে) ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ। পরে পুলিশ অভিযান চালিয়ে জসিমকে আটক করে।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।