হামের উপসর্গ নিয়ে কুমেকে আরও এক শিশুর মৃত্যু

Death of a child
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে কুমেকে আরও এক শিশুর মৃত্যু
--সংগৃহীত ছবি

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লায় জেলায় হাম উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে। শনিবার (২ মে) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু আরশ (৯) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর এলাকার আবুল কালামের ছেলে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শিশুটির মৃত্যু হয়। গত ১৮ এপ্রিল থেকে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর বশির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।