চাঁদা উত্তোলন নিয়ে ঘণ্টাব্যাপী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ

Rajshahi-Chapainawabganj highway blocked
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চলাচলকৃত বাস-ট্রাক-কার্ভাড ভ্যান-মিনি বাসসহ যানবাহনে দুই শ্রমিক ইউনিয়নের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ শেষে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই সড়ক অবরোধ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। ফলে প্রায় ১ কিলোমিটার মতো রাস্তা অবরোধ হয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। শ্রমিকদের দাবি, উভয় সংগঠনই শ্রমিকদের কল্যাণের নামে দীর্ঘ দিন যাবৎ বাস থেকে চাঁদা উত্তোলন করছিলেন। এই চাঁদা উত্তোলনকে কেন্দ্র করেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল।

এই নিয়ে গত মাসের ২৪ এপ্রিল ধর্মঘট ডেকেছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন। পরে একদিন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বাস চলাচল বন্ধ থাকে। পরেরদিন একটি রাজনৈতিক দলের অফিসে রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

কিন্তু আবারও নিজেদের মধ্যে চাঁদা উত্তোলন নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আজ বিকেল সাড়ে ৪টার দিকে আবারও অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন বলেন, আমাদের দুই পক্ষের মধ্যে বিরোধ মোটামুটি সমাধান হয়েছিল। দুই সংগঠনই বৈধ উপায়ে চাঁদা উত্তোলন করবে এমন সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আজ সকালে পুলিশ আমাদের ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও একজন সদস্যকে চাঁদাবাজির অভিযোগে তুলে নিয়ে যায় পুলিশ। পরে আমারা সড়ক অবরোধ করি এবং আধা ঘণ্টার মধ্যে আমাদের নেতাদের ছেড়ে দিবে এমন আশ্বাসে আপাতত সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, শ্রমিকদের দুই পক্ষের ভুল বুঝাবুঝি হয়েছে। এজন্য এক পক্ষ সড়ক অবরোধ করেছিল। পরে আমরা কথা বললে শ্রমিক অবরোধ তুলে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।