ঈদুল আযহা উপলক্ষে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে

Advance train ticket sales
আবুল কালাম আজাদ ০৫ মে ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ ০৫ মে ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন
ঈদুল আযহা উপলক্ষে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

ঈদযাত্রা ঘিরে ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট। ২৩ মে মিলবে ২ জুনের টিকিট। ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার কোনো টিকিটই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এছাড়া ঈদের পর ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।