৬০ লাখ টাকার ১৬৩ রোল কাপড় উদ্ধার , গ্রেপ্তার ১

Arrest 1
অনলাইন ডেস্ক ০৫ মে ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৫ মে ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন
৬০ লাখ টাকার  ১৬৩ রোল কাপড় উদ্ধার , গ্রেপ্তার ১
চট্টগ্রাম থেকে গাজীপুর নেওয়ার পথে ৬০ লাখ টাকা মূল্যের ১৬৩ রোল কাপড় উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। --সংগৃহীত ছবি

চট্টগ্রাম থেকে গাজীপুর নেওয়ার পথে ৬০ লাখ টাকা মূল্যের ১৬৩ রোল কাপড় উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল বাসার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালীর হাতিয়া ও চর জব্বর এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১শ ৬৩ রোল কাপড় একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হালিশহর থানাধীন টোলরোডে চিটাগাং ফিলিং স্টেশনে গাড়িটি অবস্থান করার পর ২৫ এপ্রিল রাত ৩টার দিকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে চালক ও তার সহযোগীরা মিলে সম্পূর্ণ মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ২৭ এপ্রিল হালিশহর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার নোয়াখালীর হাতিয়ার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ রোল কাপড় উদ্ধার করে। পরে চর জব্বর থানার ভুঁইয়ার হাট বাজার এলাকা থেকে বাকি ৬৭ রোল কাপড় উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।

এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী আবুল বাসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।