নিখোঁজ তরুণী উদ্ধার ও পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে (২৩) কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে আভিযানিক দল কলাতলি 'হাইপেরিয়ান সীপাল' আবাসিক হোটেলের ৬/সি নম্বর রুমে অভিযান পরিচালনা করে নিখোঁজ তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার সাথে সরাসরি জড়িত ২ জন অপহরণকারীকে হাতে-নাতে গ্রেফতার করে। পাচার কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৪-৫৩২৩) জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ ফাক্রিকাটার ছুরত আলমের পুত্র শামসুল আলম (৩৩) এবং কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ড খরুলিয়া ঘাটপাড়ার মমতাজ আহমেদের পুত্র ড্রাইভার শাহ আলম (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এলাকায় প্রভাবশালী ও ধূর্ত প্রকৃতির লোক হিসেবে তাদের পরিচিতি রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অপহরণ ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সিন্ডিকেট গড়ে তুলেছে। বিশেষ করে চালক শাহ আলমের মাইক্রোবাসটি ব্যবহার করে দুর্গম এলাকা থেকে ভিকটিমদের কৌশলে অপহরণ করে পর্যটন এলাকায় নিয়ে আসত। সাধারণ জনগণের নিকট তারা ভদ্রবেশী হলেও পর্দার আড়ালে তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য, যারা মূলত অসহায় নারী ও তরুণীদের টার্গেট করে পাচার বা অনৈতিক উদ্দেশ্য হাসিল করত।
উল্লেখ্য যে, তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিপূর্বে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। অভিযোগ প্রাপ্তির মাত্র ১২ ঘন্টার ব্যবধানে এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে তরুণী উদ্ধার হয়।
উদ্ধার তরুণী এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে জব্দ গাড়িসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।