সাংবাদিক মতিউরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলা, কুপিয়ে জখম এবং তাঁর আঙুল বিচ্ছিন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সহ-দপ্তর সম্পাদক মো. তাইরান আবাবিল হাসান সোহাগ, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. পাভেল ইসলাম শিমুল এবং রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন ওয়াহিদ হিরোসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ইকবালকে দ্রুত গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশংসার দাবিদার। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
প্রায় ৩০ থেকে ৪০ জন সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।