এক ম্যাচেই ‘নো’ বলের সেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসের অবিশ্বাস্য রেকর্ড
এক ম্যাচেই একশর বেশি নো বল! কি বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে রূপকথার কোনো গল্প? না, এটা কোনো রূপকথার গল্প নয়। ক্রিকেট ইতিহাসে ঘটেছিল এমনই এক অবিশ্বাস্য ঘটনা। আজ থেকে প্রায় ৫০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান মধ্যকার একটি টেস্ট ম্যাচে হয়েছিল ১০৩টি নো বল।
সালটা ১৯৭৭। পাঁচটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমায় পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয় ব্রিজটাউনে। কে জানতো এই ম্যাচটি ইতিহাসে অমর হয়েই রইবে!
সে বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয় ম্যাচটি। ম্যাচের মাঝখানে বিরতিও ছিল একদিন। ফলে ম্যাচটি শেষ হতে সময় লেগেছে মোট ৬ দিন। ব্রিজটাউনের ব্যাটিং স্বর্গে খেলতে নেমে জিততে পারেনি কোনো দলই। কিন্তু রেকর্ডহীন জয়-পরাজয় না থাকলেও একের পর এক নো বলের কারণে বেশ আলোচিত হয়েছিল সেই টেস্টটি। উইন্ডিজ এবং পাকিস্তানের বোলাররা দিয়েছিল মোট ১০৩টি নো বল।
এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৯০টি নো বলের রেকর্ডও রয়েছে। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার টেস্টে ৯০টি নো বলের ঘটনা ঘটেছিল।
এদিকে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ নো বল হয়েছে ২৮টি। এখানেও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নাম। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়া ও উইন্ডিজ মধ্যকার ম্যাচে হয়েছিল এই রেকর্ডটি।
আধুনিক ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাট হচ্ছে টি-টোয়েন্টি। এখানে প্রতিটি বলই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই টি-টোয়েন্টিতে একটি নো বল করা মানে দলের জন্য সর্বনাশ ডেকে আনা। এরপরও ২০২২ সালে উগান্ডা ও ঘানা মধ্যকার একটি ম্যাচে হয়েছিল ১২টি নো বল। যা টি-টোয়েন্টির একটি ম্যাচে সর্বোচ্চ।