আমি নাকি স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ থাকছি: তাসনিম জারা

Tasneem Zara
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৬ ০২:৫২ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
আমি নাকি স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ থাকছি: তাসনিম জারা
--সংগৃহীত ছবি

দুইটি দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রচারে নেমেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়া ডা. তাসনিম জারা।

শুক্রবার (১৫ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। 

তাসনিম জারা লিখেছেন, দুইটি দলের কর্মীরা সংঘবদ্ধভাবে প্রচার করছেন যে হামের প্রাদুর্ভাব নিয়ে আমি কিছু বলিনি, কিছু করিনি। আমি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছের মানুষ ছিলাম এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ থাকছি।

তিনি লিখেছেন, অথচ তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে আমি ২০২৪ সালেই প্রশ্ন তুলি। তখনকার বিষয় ছিল জুলাই গণঅভুথানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলা। আর হামের প্রাদুর্ভাবের পেছনে দায় কার, তা খুঁজে বের করতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন, সেই দাবিও জানিয়েছি প্রায় একমাস আগে-এপ্রিল মাসের ১৯ তারিখে।

তাসনিম জারা লিখেছেন, আর এক মাসেরও বেশি আগে থেকে আমি বিভিন্ন সভা-সেমিনারে আমি হামের প্রাদুর্ভাব নিয়ে কথা বলে আসছি, সম্ভাব্য সমাধান নিয়ে আমার মতামত দিয়েছি। এসব ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে সার্চ করলেই দেখা যায়। কিছু স্ক্রিনশটও দিচ্ছি।

তিনি আরও লিখেছেন, একটি গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর এই চেষ্টা দুর্ভাগ্যজনক। শিশুরা অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে: এই সময়ে দলীয় কর্মীদের কাজ হওয়া উচিত ছিলো সমাধানে অংশ নেওয়া। কিন্তু তারা বরাবরের মতই বেঁছে নিয়েছে মিথ্যা প্রচার করা।