দুটো টাকার জন্য কত কী করতে হয় : অভিনেত্রী কৌশানী

Actress Kaushani
অনলাইন ডেস্ক ০৭ অক্টোবর ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৭ অক্টোবর ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
দুটো টাকার জন্য কত কী করতে হয় : অভিনেত্রী কৌশানী
--সংগৃহীত ছবি

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও সেই জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমাতে, যা আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।


তবে ছবিটির মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর এক অভিনব প্রচার ঘিরে নেটপাড়ায় চরম কৌতূহল ও চর্চা শুরু হয়েছে। যেখানে পুরোপুরি মেছুনির অবতারে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী।


নেটদুনিয়ায় প্রকাশ পাওয়া সেই মজার ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ ভিডিওতে দেখা যায়, মাথার চুল শক্ত করে খোঁপায় বাঁধা, গায়ে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা মেকআপ আর সম্পূর্ণ ডি-গ্ল্যাম লুকে কৌশানীকে চেনা কঠিন। হাতে একের পর এক বড় মাছ তুলে ধরে একদম চেনা মাছবাজারের মেছুনির মতো সুর মিলিয়ে ক্রেতাদের ডাকছেন তিনি।


তবে রুপালি পর্দার জন্য মাছ কাটার অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না তার জন্য। বটির কাছে বড় মাছ নিয়ে ঘষতে ঘষতে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় এই অভিনেত্রীকে। চরম নাজেহাল হয়ে মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ 


ভিডিওতে শুধু মাছ কাটতেই দেখা যায়নি তাকে, অ্যাকশন শব্দটা কানে আসার সঙ্গে সঙ্গেই বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে চিৎকার শুরু করেন তিনি। হাতে বড় মাছ উঁচিয়ে তার হাঁক ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’ আবার কখনও শুটিং সময়মতো শেষ করার অনুরোধ জানিয়ে রসিকতার সুরে বলছেন, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’