রাবিতে র‌্যাগিংকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ

Clashes between two parties over ragging in RU
নিজস্ব প্রতিবেদক:- ১৯ মে ২০২৬ ০৭:১২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক:- ১৯ মে ২০২৬ ০৭:১২ অপরাহ্ন
রাবিতে র‌্যাগিংকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ
ছবি - বিজয় বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, ছবি তোলা এবং ভুল শিক্ষাবর্ষের পরিচয় দেওয়াকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে লাঞ্ছনার শিকার হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও।

মঙ্গলবার (১৮মে)দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটসংলগ্ন আমতলা চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়েন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ডিনস কমপ্লেক্স ভবনের সামনে ইইই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের জুনিয়রদের নিয়ে অবস্থান করছিলেন। র‌্যাগিংয়ের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। তবে কোনো র‌্যাগিংয়ের প্রমাণ না পেয়ে তারা ফিরে যান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী আল জাবিদ হাসান। ইইই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, তিনি ঘটনাস্থলের ছবি তুলে প্রশাসনের কাছে পাঠান এবং নিজের পরিচয় ভুল শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে দেন। পরে উভয় বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসা করেন।

তবে মঙ্গলবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। জাবিদ ও তাঁর কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিবহন মার্কেট এলাকায় উভয় বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজিত শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ঘটনাটি দুই বিভাগের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন।





এসআইএল/বিবিএন