বাসা ছাড়াকে কেন্দ্র করে রুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
বাসা ছাড়াকে কেন্দ্র করে ভাড়া নিয়ে বিরোধের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকে মারধর ও জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী জুনাইদ খান নাইব রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে সমাধান পেতে ইতিমধ্যে ভুক্তভোগীর পরিবার মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনাটি গত সোমবার (৫ অক্টোবর) রাজশাহী নগরীর কাজলা এলাকার আলমের মোড়ে ঘটেছে বলে জানা যায়। ভুক্তভোগীর পরিবার জানান, জুনাইদ ঐ এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বাসা ছেড়ে দেওয়ার বিষয়ে গত সেপ্টেম্বর মাসে কথা বলার সময় ভাড়ার টাকা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় প্রথমে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়।
পরে গত ৫ অক্টোবর বেলা ১১টার দিকে বিবাদী (বাড়িওয়ালা) জুনাইদকে আটকে রেখে বাড়তি টাকা দাবি করেন। এতে সে প্রতিবাদ করলে তাকে বাড়িওয়ালা সহ আরো কয়েকজন মারধর শুরু করে। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং এতে তার মাথা ফেটে যায় বলে জানা যায়।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা জুনাইদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ঐ শিক্ষার্থীর ক্ষতির আশঙ্কায় রয়েছেন তার পরিবার। পাশাপাশি বাড়িওয়ালা সংশ্লিষ্টদের দ্বারা তাকে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জুনাইদের মাতা মোসা. বদরুন নেসা বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত নামা বাড়িওয়ালা সহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫জন ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়। জিডিতে ঘটনার সাক্ষী হিসেবে ইবরাহিম ও চঞ্চল নামের দুই ব্যক্তির পাশাপাশি নগরীর অনেকেই জানেন বলে উল্লেখ করা হয়।
বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জিডিতে করা অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।