গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ
নাটোরের সিংড়া পৌর শহরে দিনেদুপুরে জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির মালিক শাহিনুর রহমান পরিবারের অন্য সদস্যদের নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। এই সুযোগে, বেলা ১১টা থেকে দুপুর দেড়টার কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, দুপুরে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র সব এলোমেলো। আলমারি ভাঙা দেখে আমাদের সন্দেহ হয়। পরে দেখি নগদ টাকা ও স্বর্ণালংকার কিছুই নেই। দিনের বেলায় এমন ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত।
খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আশা করি, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।