সম্মান ও কদর কমেছে, চেন্নাইয়ে ধোনি আর শেষ কথা নন!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি যেন সমার্থক। ফ্র্যাঞ্চাইজিটিতে ধোনিই যেন ছিলেন শেষ কথা। আস্থার প্রতিদানও দিয়েছেন দু’হাত ভরে। তার নেতৃত্বে টুর্নামেন্টটির ইতিহাসে অন্যতম সেরার তকমা পেয়েছে চেন্নাই। তবে সেসব এখন অতীত। এবারই প্রথম স্কোয়াডে থেকেও কোনো ম্যাচ খেলেননি ধোনি। শোনা যাচ্ছে, সম্পর্কটাও ঠিকঠাক নেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।
চলমান আইপিএল থেকে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে চেন্নাই সুপার কিংসের। এবারের আসরে একটি ম্যাচও খেলেননি ধোনি। টিম ম্যানেজমেন্ট থেকে ইনজুরির কথা বলা হলেও আড়ালে অন্য গুঞ্জনও আছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি আইপিএল শেষে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন ধোনি। চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে ধোনির দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে।
ধোনির খেলা দেখার জন্য অপেক্ষা করেও লাভ হয়নি চেন্নাই সমর্থকদের। এবারের আইপিএলে চেন্নাইয়ের আর একটি ম্যাচ বাকি রয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে নামবে রুতুরাজ গায়কোয়াড়রা। আহমেদাবাদে আজকের সেই ম্যাচেও ধোনির খেলার সম্ভাবনা কম। একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার জন্যই এবার ধোনিকে হলুদ জার্সি গায়ে দেখা যায়নি। চেন্নাই শিবিরের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ‘ধোনি এবং চেন্নাই কর্তৃপক্ষের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছে। ২০২৬ সালের পর ধোনিকে আর হলুদ জার্সি গায়ে দেখার সম্ভাবনা নেই।’
ধোনির ফিটনেস নিয়ে যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ঠিক নয়। আইপিএলের প্রথম দিকে পায়ের পেশিতে সমস্যা থাকলেও এখন ধোনি সম্পূর্ণ ফিট। দলের ভারসাম্য বজায় রাখতে ধোনি নিজেই প্রতিযোগিতার মাঝপথে খেলতে চাননি। আসল কারণ হলো, চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে ধোনির। বিশেষ করে দলের পরিকল্পনা এবং সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার পদ্ধতি মেনে নিতে পারেননি। কর্তাদের আচরণে তিনি অসন্তুষ্ট।
গত দু’বছর ধরে সম্পর্কের অবনতি হয়েছে পর্যায়ক্রমে। ধোনিকে নাকি আগের মতো গুরুত্ব দিচ্ছেন না চেন্নাইয়ের কর্তারা। তার কোনও পরামর্শ নেওয়া হচ্ছে না। রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়া বা সঞ্জু স্যামসনকে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়নি ধোনিকে। কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ এবং অপমানিত ধোনি। গত নিলামের পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। সিএসকে ঘনিষ্ঠ ওই ব্যক্তি বলেছেন, ‘এ বছর ধোনিকে কোনও গুরুত্বই দিচ্ছেন না চেন্নাই কর্তৃপক্ষ। কিছুটা অবহেলাই করা হচ্ছে। এই বিষয়টা সে মেনে নিতে পারছে না।’
দলের সঙ্গে গোটা মৌসুম থাকলেও আগের মতো সম্মান ধোনি পাচ্ছেন না বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি আরও জানিয়েছেন, চেন্নাই কর্তৃপক্ষের নজরে এখন তরুণ ক্রিকেটারেরা। ভবিষ্যতের দল গড়তে চাইছেন তারা। সেই দলে স্বাভাবিক ভাবেই ধোনির জায়গা নেই। প্রথম বার কোনও মৌসুমে ধোনি একটিও ম্যাচ খেললেন না চেন্নাইয়ের হয়ে। কয়েকটি ম্যাচে তিনি মাঠেও যাননি। হোটেলেই থেকেছেন। নিজেকে প্রায় অন্তরালে রেখে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ধোনি।