গেইলের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী
দুই দিন আগে রাজস্থান রয়্যালসের সুপারস্টার বৈভব সূর্যবংশী বলেছিলেন, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটারকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ২০০ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এই ব্যাটার। না সেই রেকর্ড গেইলের কাছেই অক্ষত আছে, তবে তার আরেকটি রেকর্ড আজ (বুধবার) ভেঙে ফেলেছেন সূর্যবংশী।
আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাণ্ডব চালান সূর্যবংশী। প্রথম দুই ওভারেই শেষ বলে ছক্কা মারেন তিনি। তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে টানা তিনটি ছক্কা মেরে তুলে নেন ২৫ রান।
পরের ওভারে সাকিবকে ছক্কা মেরে গেইলকে ছোঁন। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার এক আসরে সর্বোচ্চ ছয়ের মালিক হন তিনি তিন বল পরই। ৬০তম ছক্কা মেরে গেইলকে (৫৯) টপকে যান সূর্যবংশী। একই ওভারে আরেকটি ছয় হাঁকান।
এই রেকর্ড ভাঙার পথে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন সূর্যবংশী। পাওয়ার প্লের ছয় ওভারে রাজস্থান তোলে ৮০ রান। তখন ২০ বলে ২ চার ও ৮ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি।
এখানেই শেষ নয়। পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৮ ছক্কার মালিক হয়েছেন সূর্যবংশী। প্রথম ছয় ওভারে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯০ রান করেছেন তিনি। পেছনে ফেলেছেন ২০১৬ সালে করা ডেভিড ওয়ার্নারের ৪৬৭ রানকে।
অষ্টম ওভারে টানা দুই চার ও দুটি ছয় মেরে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির পথে ছিলেন সূর্যবংশী। কিন্তু নিজের ২৯তম বলে প্রফুল হিংয়ের শিকার হন স্মারান রবিচন্দ্রনের ক্যাচ হয়ে। ২৯ বলে ৫ চার ও ১২ ছয়ে থামে তার ৯৭ রানের ইনিংস।