শঠিবাড়ীতে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধরা। শনিবার (৬ জুন) দুপুরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিআরটিসি বাসের ধাক্কায় দেলদার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহতের ঘটনায় সড়ক অবরোধ শুরু হয়। এসময় মহাসড়কে দু’পাশে শতশত যানবাহন আটকে থাকে। পরে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে যান। পরে ৬ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আহত বৃদ্ধ দেলদার হোসেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের চাঁদনী চাঁদপুর গ্রামের মৃত. সিদ্দিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ী জনতা ব্যাংকের সামন দিয়ে রাস্তা পারাপর হচ্চিলেন দেলদার হোসেন। এসময় ঢাকাগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে
দুপুর ১টার দিকে এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে ওঠে স্থানীয়রা। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দু’পাশে শত শত যান বাহন আটকে থাকে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে বিকাল ৫ টায় ঘটনাস্থলে পৌঁছান ইউএনও মো. পারভেজ, ওসি এরশাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী ও উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুল।
এসময় বিক্ষুদ্ধরা ফুটওভার ব্রীজ নির্মাণের দাবি জানান। প্রশাসনের আশ্বাসে বিক্ষুদ্ধরা মহাসড়ক ছেড়ে দিলে ৬ টায় যান চলাচল স্বাভাবিক হয়। এর আগেও ওই স্থানে দূর্ঘটনায় ১ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। তখনও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছিল স্থানীয়রা।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. পারভেজ বলেন, ঘটনাস্থলে দ্রুত ফুটওভার ব্রীজ নির্মিত হবে। প্রশাসন মানুষের জানমাল রক্ষায় সব সময় কাজ করে যাবে।
মহাসড়ক নির্মাণ কাজে তদারকির দায়িত্বে থাকা সাসেক প্রকল্পের নির্বাহি প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ঘটনাস্থলে ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে।
এস/জে বিবিএন