দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। পাশাপাশি নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য জানান।এদিকে, আজ সকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়, পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুর ১টা পর্যন্ত এসব নদী বন্দরর্কে ১ নম্বর সতর্ক সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।