রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা

Fine for unlicensed bakery
অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
--সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীতে বিএসটিআই এর গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নগরীর সাহেববাজার এলাকার পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই এর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করছিল। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত ও ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্য পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।