অটো গ্রিন অয়েল কারখানায় অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে ৩টি ইউনিট

Fire breaks out at Auto Green Oil factory
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন
অটো গ্রিন অয়েল কারখানায় অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে ৩টি ইউনিট
গাজীপুরের পূবাইলে অটো গ্রিন অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। --সংগৃহীত ছবি

গাজীপুরের পূবাইলে অটো গ্রিন অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০মিনিটের দিকে নগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত গ্রিন অয়েল কারখানায়  বয়লার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়াও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে এই কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। সে সময় কারখানায় পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। ঘটনার পর কারখানার নাম পরিবর্তন করে অটো গ্রিন অয়েল কোম্পানি নামকরণ করা হয়।