এবারের এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে , ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

Dr. ANM Ehsanul Haque Mill
অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন
এবারের এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে , ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন--সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।’

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এছাড়া আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারব বলে আশা করছি। তিনি মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন না পাওয়ার বিষয়েও দুঃখ প্রকাশ করেন।

বক্তব্যে তিনি বলেন, আমরা ভাগ্যবান, তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমার এই বয়সে বিশ্বপরিমণ্ডলে তারেক রহমানের মতো কোনো প্রধানমন্ত্রী দেখেছি বলে মনে হয় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

এর আগে শিক্ষামন্ত্রী কেক কেটে, পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।