রিয়াল মাদ্রিদে দিওমান্দে, সত্যি হলো প্রয়াত বোনের ভবিষ্যদ্বাণী!

Diomande at Real Madrid
অনলাইন ডেস্ক ২৯ জুলাই ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৯ জুলাই ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদে দিওমান্দে, সত্যি হলো প্রয়াত বোনের ভবিষ্যদ্বাণী!
--সংগৃহীত ছবি

‘সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করত, তখন একমাত্র তুমিই বিশ্বাস করতে যে আমি পরবর্তী ক্রিশ্চিয়ানো রোনালদো হব’- প্রয়াত বোন রোক্সানের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে কথাগুলো বলছিলেন ফুটবল বিশ্বের নতুন বিস্ময় ইয়ান দিওমান্দে।

বোর্নমাউথ, চেলসি, গ্লাসগো রেঞ্জার্স, অলিম্পিয়াকোস কিংবা ক্রিস্টাল প্যালেস- একের পর এক ক্লাবের একাডেমি ট্রায়াল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল এই আইভরিয়ান তরুণকে। ক্রিস্টাল প্যালেসে ট্রায়ালের দিন এজে এবং ওলিস এসে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘তুমি সত্যিই দারুণ ফুটবলার।’ কিন্তু তা সত্ত্বেও চুক্তি মেলেনি। তবুও ভেঙে পড়েননি দিওমান্দে।

ফুটবল পায়ে শৈশবে ভালো বুট জোড়াও যার ছিল না, তাকে নিয়ে প্রয়াত বোন রোক্সান সবাইকে বলতেন, ‘আমার ভাই একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে।’

এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে অভিষেকের পর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জার্সি বদল করার স্মৃতি মনে করে দিওমান্দে লেখেন, ‘‘আমরা যখন টিভিতে এমবাপ্পের খেলা দেখতাম, তুমি বলতে, ‘এমবাপ্পে ভালো, তবে আমার ভাই তার চেয়েও ভালো।’ আমার বড় বাড়ি কিংবা দামি গাড়ির শখ ছিল না। আমি শুধু বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে আমার বোন ভুল ছিল না।’’

বোনের অকাল প্রয়াণের পর সবুজ মাঠটাই এখন দিওমান্দের একমাত্র আশ্রয়। তিনি লেখেন, ‘মাঠই এখন আমার একমাত্র ঘর, যেখানে আমি শান্তিতে তোমার সাথে কথা বলতে পারি। শুধু তুমি যদি আজ বেঁচে থাকতে... আমরা পেরেছি রোক্সান! তুমি যা যা বলেছিলে, তার সবই সত্য হয়েছে।’

অবশেষে সব বাধা পেরিয়ে রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবে নাম লিখিয়েছেন এই তরুণ তুর্কি। বোনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘তুমি যা বলেছিলে তা আমি সত্যি করে ছাড়ব, প্রয়োজনে মাঠেই জীবন দেব।’