আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার

FIFA opens disciplinary investigation against Argentina
অনলাইন ডেস্ক ৩০ জুলাই ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ৩০ জুলাই ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার
--সংগৃহীত ছবি

বিশ্বকাপ শেষ হলেও শৃঙ্খলাভঙ্গজনিত কাণ্ডের কারণে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) আর্জেন্টিনার দাবি করে ব্যানার প্রদর্শন এবং ফাইনাল শেষে স্পেন ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনা ও তাদের একাধিক ফুটবলারের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা।

আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর উল্লাসের এক পর্যায়ে লিসান্দ্রো মার্টিনেজ ও জিওভানি লো সেলসোদের হাতে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস (ফকল্যান্ড আর্জেন্টিনার অংশ) লেখা একটি ব্যানার দেখা যায়। ফিফার কোড অনুযায়ী, ক্রীড়া ইভেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০১৪ সালেও স্লোভেনিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে একই ব্যানার ব্যবহারের কারণে আফাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবার ব্যানার বিতর্কের পাশাপাশি সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান, দেরিতে কিক-অফ করা এবং নিরাপত্তা লঙ্ঘনসহ একাধিক অভিযোগে তোপের মুখে পড়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে নিউ জার্সিতে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ার পর মাঠেই মল্লযুদ্ধে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়েরা। শেষ বাঁশি বাজার সাথে সাথে যখন স্পেনের বদলি খেলোয়াড়েরা উদযাপনের জন্য মাঠে দৌড়ে যান, তখন স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস।

এই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। পারেদেসের বিরুদ্ধে ৩টি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নাহুয়েল মলিনার বিরুদ্ধে ২টি অভিযোগ এবং থিয়াগো আলমাদা, আর্জেন্টিনার টিম অফিসিয়াল রবার্তো আয়ালা ও স্পেনের গাভির বিরুদ্ধে ১টি করে অসদাচরণের অভিযোগ তুলে জবাবদিহিতা চেয়ে নোটিশ পাঠিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ফিফা স্পষ্ট জানিয়েছে, তাদের শুনানি শেষে চূড়ান্ত শাস্তির রায় দেওয়া হবে।