নতুন ব্যাটিং কোচ পেল পাকিস্তান

Pakistan gets new batting coach
অনলাইন ডেস্ক ০৪ আগস্ট ২০২৬ ০১:৩০ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৪ আগস্ট ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
নতুন ব্যাটিং কোচ পেল পাকিস্তান
--সংগৃহীত ছবি

টেস্ট দলের জন্য উমর গুল স্বীকৃত বোলিং কোচ হিসেবে পাকিস্তানের ডাগআউটে কাজ করছেন। কিন্তু দুই ফরম্যাটের কোনোটিতে পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিল না। জাতীয় নির্বাচক আসাদ শফিক এই দায়িত্বে খণ্ডকালীন ভূমিকায় ছিলেন। একজন ব্যাটিং কোচের অভাব যেন পাকিস্তানের ব্যাটারদের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠছিল। এবার সেই শূন্যস্থান পূরণ করা হলো।


ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের জ্বলে ওঠার দিনে নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে সাবেক দক্ষিণ আফ্রিকান প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে নিলো তারা। মঙ্গলবার পিসিবি এই তথ্য নিশ্চিত করেছে।


৪৬ বছর বয়সী স্মিথ লাল বল ও সাদা বলের উভয় দলের সঙ্গে কাজ করবেন। গত সপ্তাহে তারৌবা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ধসের পর নতুন ব্যাটিং কোচ নিয়োগ নিশ্চিতভাবে উজ্জীবিত করবে দলকে। ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর আগে স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।


আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব না করলেও স্মিথের কোচিং অভিজ্ঞতা বেশ সন্তোষজনক। লেভেল ৪ যোগ্যতাসম্পন্ন এই কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ খ্যাতনামা এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচও ছিলেন। কনসাল্টেন্সির দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের সঙ্গে।


খেলোয়াড় হিসেবে স্মিথ ৮৯ প্রথম শ্রেণির ম্যাচ, ৭২ লিস্ট এ ম্যাচ ও ১৬ টি-টোয়েন্টি খেলেছেন ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত। ডানহাতি এই ব্যাটার ৭০২৯ রান করেছেন তিন ফরম্যাট মিলিয়ে, ৯ সেঞ্চুরি ও ৪০ হাফ সেঞ্চুরি তার।


সম্প্রতি ব্যাটিং ইউনিট হিসেবে পাকিস্তান বেশ সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। স্মিথের প্রথম চ্যালেঞ্জ হবে এই ঘাটতি পুষিয়ে নেওয়া। ২০২৩-২৪ এ অস্ট্রেলিয়া সফরের পর থেকে টানা আটটি অ্যাওয়ে টেস্ট হেরে যাওয়া দলকে ইংল্যান্ড সফরে স্মিথ অন্যরূপে ফেরাতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।