কমছে কিংসের নিষেধাজ্ঞা, নতুন সংকটে আবাহনী
দেশের দুই শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ফিফা নিষেধাজ্ঞায় রয়েছে। বসুন্ধরা কিংসের ১৪ টি নিষেধাজ্ঞা ছিল। গত পরশু একটি, গতকাল তিনটি প্রত্যাহার হওয়ায় এখন কমে দশটি হয়েছে। ঢাকা আবাহনীর একটি নিষেধাজ্ঞা এখনো বহাল।
ঢাকা আবাহনী তাদের শেষ ফিফা নিষেধাজ্ঞা খুব দ্রুত কাটার অপেক্ষায় ছিল। সিরিয়ার ফুটবলারের সাথে পাওনা পরিশোধ নিয়ে চুক্তি করেছিল। এরপর সেই চুক্তির অর্থ প্রেরণ করায় নির্ভার ছিল আবাহনী। প্রায় এক সপ্তাহ হলেও এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় কপালে আবার চিন্তার ভাজ।
আবাহনীর কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু বলেন, 'ফুটবলারের অর্থ আমরা সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছি তার দেয়া ব্যাংক ডিটেইলসে। তিনি বলছেন অর্থ তার অ্যাকাউন্টে আসেনি। আমাদের প্রান্ত থেকে দেখছি টাকা প্রেরণ হয়েছে। ফুটবলারের অ্যাকাউন্টে অর্থ যোগ না হওয়ায় ফিফায় আবেদন প্রত্যাহার করছে না।'
বাফুফে ১৭ আগস্ট পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়িয়েছে। আজ ও আগামীকাল ফিফা এবং আন্তর্জাতিক দপ্তরগুলো ছুটি। ফলে এই সময়ের মধ্যে ব্যাংকিং সমস্যা সমাধান হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া কঠিন। এরপরও আবাহনীর কর্মকর্তা আশাবাদী, 'আমাদের সাথে খেলোয়াড় ও তার উকিলের যোগাযোগ রয়েছে। আমরা আশা করি দ্রুত সমাধানে পৌঁছাতে পারব।'
১৯ আগস্ট খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ক্লাব লাইসেন্স, খেলোয়াড় নিবন্ধন করা কঠিন কাজ। বসুন্ধরা কিংসের ১০ টি নিষেধাজ্ঞা বহাল থাকলেও তারা রাকিব, তপু বর্মণসহ কয়েকজন খেলোয়াড়ের সাথে চুক্তি করেছে। ঢাকা আবাহনীর নীতি নির্ধারকরা নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বেশি মনোযোগ। নতুন করে খেলোয়াড়দের সাথে কোনো চুক্তি করেনি। এটাও আবাহনীর একটি বড় সংকট।
২১ আগস্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার কথা। আর মাত্র ছয় দিন থাকলেও এখনো আবাহনী ক্যাম্পই শুরু করতে পারেনি। বসুন্ধরা কিংসেরও অনেকটা একই অবস্থা। এই পরিস্থিতিতে এই ম্যাচ বেশ অনিশ্চয়তায়। সেক্ষেত্রে ২৫ আগস্ট ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা বেশি।