২৪ দিনে মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ৬২৬ জন

626 people infected with dengue
অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন
২৪ দিনে মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ৬২৬ জন
--সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ মাসের বিগত ২৪ দিন ৬২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ মাসে শুধু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৪ আগস্ট পর্যন্ত ভর্তি হয়েছেন ৫৩৩ জন। অন্যান্য আক্রান্তরা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এখনও শুধু মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।

এ বছরের শুরু থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫০৯ জন। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছে ১২৭৭ জন রোগী। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, শুধু আগস্টের ২৪ দিনেই জেলার ৬ উপজেলায় নতুন করে আক্রান্ত ৬২৬ জন। আর গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আগস্টে উপজেলা ভিত্তিক ২৪ দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৫৩৩ জন, টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৭ জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন।  ২৪ ঘণ্টায় সদর জেনারেল হাসপাতালে নতুন ভর্তি ৩১ জন বর্তমানে ভর্তি আছে ৬৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৫৫ জন। টঙ্গীবাড়িতে নতুন ৫ জন, শ্রীনগরে ১ জন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের চিকিৎসা ও নজরদারি অব্যাহত আছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ডেঙ্গু পরীক্ষা করান। তিনি জেলাবাসীকে বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শুধু চিকিৎসা নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই ডেঙ্গু রোধের মূল অস্ত্র। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা মানতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে জেলায় ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। তাই এখনই সচেতন হওয়ার বিকল্প নেই।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফাহমিদা লস্কর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে বলেন, ২০২৬ সালে শুধু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে  ১৪১৩ জন ডেঙ্গু রোগেী ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে ১১ জন ,ফেব্রুয়ারি মাসে ৫ জন, মার্চ মাসে ৪ জন, এপ্রিল মাসে ৩৯ জন, মে মাসে ৩৫ জন, জুন মাসে ১৫১ জন, জুলাই মাসে ৪৯৫ জন, আগস্ট মাসে ৫৮২ জন। বর্তমানে হাসপাতাল ভর্তি রয়েছে ৬৮ জন। এদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এছাড়া ডায়রিয়া আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।