নজরুলের গান-কবিতা আমাদের সাহসী হতে শেখায় : রিজভী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা আমাদের সাহসী হতে শেখায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নজরুলের গান-কবিতা আমাদের সাহসী হতে শেখায়। নজরুলচর্চা এখন নতুন করে শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপেই নজরুল অবিচ্ছেদ্য।
তিনি আরও বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দ্রোহ সব কালকে ছাড়িয়ে যায়। সামাজিক অন্যায়ের বিরুদ্ধেই শুধু নয়, সব রকম চাপ ও হুমকি উপেক্ষা করে তিনি বিপ্লবের বাণী প্রচার করেছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাভাষীদের মধ্যে এত বড় প্রতিভা আর নেই। জুলুমের মুখে পড়লে নজরুলের কবিতাই আমাদের প্রতিবাদ শিখিয়েছে। অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি।