ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

Two sides clash in front of Islami Bank Tower
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ
--সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরামের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।


ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর আগেই ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং এস আলমের অনুসারীরা সেখানে অবস্থান নেন। কর্মসূচি শুরু হলে তারা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান।


তার দাবি, হামলায় ফোরামের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন। আহতদের পরে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।


নুর নবী মানিক আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই ফোরামের সদস্যদের টেনে-হিঁচড়ে সরিয়ে নেওয়া হলেও পুলিশ হামলা ঠেকাতে কার্যকর কোনও ভূমিকা পালন করেনি। এ সময়ের বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।


এদিকে সংঘর্ষের ঘটনায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।


তবে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সাবেক কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।