পরে চিন্তা-ভাবনা করে দেখলাম, সিদ্ধান্তটা ভুল নয় : দেব

After thinking about it, I realized that the decision wasn't wrong
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন
পরে চিন্তা-ভাবনা করে দেখলাম, সিদ্ধান্তটা ভুল নয় : দেব
--সংগৃহীত ছবি

নতুন ঝলক ও লাদাখের দুর্দান্ত রোম্যান্সে ফের চর্চায় উঠে এসেছে দেব-শুভশ্রী জুটি। ‘দেশু ৭’ ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পর থেকেই অনুরাগীমহলে মাতামাতি তুঙ্গে। তবে এবার শুধু অভিনেতা হিসেবে নয়, পুরো ছবিটির পরিচালনার দায়িত্বে থেকে নতুন এক ঝুঁকি নিয়েছেন টলিউড সুপারস্টার দেব।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের পরিচালনায় আসার কারণ ও ছবিটি নিয়ে খোলামেলা কথা বলেছেন দেব। তিনি জানান, ক্যারিয়ারের প্রতিটি ছবিতেই সৃজনশীল মতামত থাকলেও ‘দেশু ৭’ ছবিটি তিনি যেভাবে নিজে থেকে কল্পনা (ভিজ্যুয়ালাইজ) করেছিলেন, ঠিক সেভাবেই রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন।


ছবিটির পরিচালনার সিদ্ধান্ত প্রসঙ্গে দেব বলেন, ‘শুরুতেই আমার পরিচালক হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তবে চিত্রনাট্যকারদের দল জোর দিয়ে বলেছিল যেহেতু পুরো বিষয়টি আমার চিন্তা থেকে এসেছে, তাই পরিচালনাটাও আমারই করা উচিত। পরে চিন্তা-ভাবনা করে দেখলাম, সিদ্ধান্তটা ভুল নয়।’


শুধু তা-ই নয়, ইন্ডাস্ট্রিকে এক ধাপ এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই এই কঠিন দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে জানান তিনি। দেবের মতে, বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির ক্যানভাসের তুলনায় বাংলা ছবি এখনো অন্তত ১০ বছর পিছিয়ে রয়েছে।


সে কথা স্মরণ করিয়ে দিয়ে টলিউডের এই অভিনেতা-প্রযোজক জানান, শুধুমাত্র মজার ছলে কিংবা কম খরচে ছোট বাজেটের সিনেমা বানিয়ে মুনাফা তোলার কোনো ইচ্ছা তার নেই। বরং দর্শককে প্রেক্ষাগৃহে ধরে রাখতে আন্তর্জাতিক মানের নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই তিনি ‘দেশু ৭’-এর মতো বড় ক্যানভাসের ছবি পরিচালনার ঝুঁকি নিয়েছেন।