ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘পেইজ লাইক’ টার্গেট দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না।
এর পরিবর্তে Maximize number of Facebook Page visits টার্গেট স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হচ্ছে। এতে সরাসরি পেইজে লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীদের পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে এখন স্পষ্টভাবে জানানো হচ্ছে Page likes performance goal is no longer available। একই সঙ্গে পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে Maximize number of Facebook Page visits পারফরম্যান্স টার্গেটটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
তবে এই সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা, নাকি কারিগরি ত্রুটি—তা এখনো স্পষ্ট নয়।
এ নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের মধ্যে আলোচনা চলছে। কেউ কেউ জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেইজ লাইক’ টার্গেট আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনো দেখা যাচ্ছে এবং কাজও করছে।
ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আগে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন বিজ্ঞাপন তৈরির সময় পেইজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়া যেত। এখন অনেক অ্যাকাউন্টে সেই জায়গায় পেইজে দর্শক আনার লক্ষ্য দেখানো হচ্ছে।
নতুন পদ্ধতিতে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীরা প্রথমে পেইজে প্রবেশ করবেন। এরপর পেইজের বিষয়বস্তু পছন্দ হলে নিজেরাই সেটি অনুসরণ বা লাইক করতে পারবেন। ইনস্টাগ্রামেও একই ধরনের পদ্ধতিতে ব্যবহারকারীকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।
তবে মেটার এই পরিবর্তন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন বিজ্ঞাপনদাতার অভিজ্ঞতাও এক নয়। কারও অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি অকার্যকর হয়ে গেছে। আবার কারও ক্ষেত্রে সেটি এখনো সচল।
তাই আপাতত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে মেটা সবার জন্য পেইজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। বরং কিছু অ্যাকাউন্টে পুরোনো লক্ষ্যটি সরিয়ে বা অকার্যকর করে পেইজে দর্শক আনার নতুন লক্ষ্য দেখানো হচ্ছে।
এই পরিবর্তন স্থায়ী হলে পেইজের লাইক বা অনুসারী বাড়ানোর কৌশলেও পরিবর্তন আনতে হবে। শুধু বিজ্ঞাপনের মাধ্যমে লাইক পাওয়ার বদলে পেইজে মানসম্মত বিষয়বস্তু প্রকাশ এবং ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে।
কোনো পোস্টে ভালো সাড়া পাওয়া গেলে সেই পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজ অনুসরণের আমন্ত্রণ পাঠানো যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা বা সরাসরি বিক্রয় বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন চালানো সম্ভব।
ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় এই পরিবর্তন স্থায়ী সিদ্ধান্ত, পরীক্ষামূলক ব্যবস্থা নাকি ধাপে ধাপে চালু করা হচ্ছে—এ বিষয়ে মেটার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।