সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৮৮ মামলা ও ৫৪ যানবাহন আটক
সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ, অবৈধ ও অনিয়মতান্ত্রিক যান চলাচল বন্ধ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও মহানগরীর ১২টি থানা-পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ব্যস্ততম এলাকা ও যানজটপ্রবণ পয়েন্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় যানবাহনের কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়গুলো যাচাই করা হয়। একই সঙ্গে যেসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছিল, ভুল পথে যাচ্ছিল, নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা করছিল কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সড়কে চলাচল করছিল, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৮৮টি মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, চালকের লাইসেন্স না থাকা, গাড়ির ফিটনেস না থাকা, ট্রাফিক সংকেত অমান্য করা এবং অন্যান্য আইনভঙ্গের অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে আইন অমান্যকারী ও ত্রুটিপূর্ণ ৫৪টি যানবাহন আটক করা হয়। আটক যানবাহনের মধ্যে বিভিন্ন ধরনের মোটরযান রয়েছে। সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় ট্রাফিক পুলিশ চালক, যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং যত্রতত্র গাড়ি না থামানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ইজিবাইক ও অটোরিকশা চালকদের নির্ধারিত লেন ও স্ট্যান্ড ব্যবহার করতে বলা হয়।
আরএমপি জানিয়েছে, নগরীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার জন্য চালক, যাত্রী ও পথচারীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।