এক ছাত্রী অসুস্থ, এরপর একে একে আরও তিনজন—গ্রিন ভিউ স্কুলে আতঙ্ক

One student falls ill, then three more one after the other
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন
এক ছাত্রী অসুস্থ, এরপর একে একে আরও তিনজন—গ্রিন ভিউ স্কুলে আতঙ্ক
চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে একই শ্রেণির চার ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে একই শ্রেণির চার ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও চিকিৎসকরা জানিয়েছেন, ভয় ও মানসিক চাপ থেকেই এমনটি হয়ে থাকতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, ক্লাস চলাকালে প্রথমে এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং একপর্যায়ে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ক্লাস শুরু হলে আরও তিন ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে।

পরে অভিভাবকদের ডেকে অসুস্থ তিন ছাত্রীকে বাড়িতে পাঠানো হয়। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, অসুস্থ এক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি বলেন, এটি ম্যাস সাইকোজেনিক ইলনেস (গণ-মনোজাত অসুস্থতা) হতে পারে। তীব্র ভয়, আতঙ্ক বা মানসিক চাপের কারণে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। একজনকে অসুস্থ হতে দেখে অন্যরাও আতঙ্কিত হয়ে একই ধরনের উপসর্গে আক্রান্ত হতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।