সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রুয়েটের ৫ শিক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯.৩০ টা থেকে পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (২২ সিরিজ) ইমরান ফেরদৌস তুর্য, আব্দুল্লাহ হাওলাদার, ফয়সাল কবির, নোহান আহমেদ ও রায়হান রিফাত।
হাসপাতালে অবস্থানরত তাদের এক সহপাঠীর মাধ্যমে জানা গেছে, রাতে একটি অটোতে নওহাটা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর চত্বর পেরিয়ে সড়কের স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লাগে। এসময় অটো দ্রুতগতিতে চলছিল এবং স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার আলোর পিলারে আঘাতপ্রাপ্ত হয়।
দুর্ঘটনায় ইমরান ফেরদৌস তুর্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর মাথায় আনুমানিক ২০-৩০টি সেলাই দেওয়া হয়েছে। পাশাপাশি তার সিটি স্ক্যান করা হয়েছে এবং এখন পর্যন্ত পাওয়া প্রতিবেদনে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি বলে জানা গেছে। তাকে স্যালাইন দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
অন্যদিকে ফয়সাল কবিরের পায়ে আঘাত পাওয়ায় ড্রেসিং করা হয়েছে এবং নোহান আহমেদের মুখে সেলাই দেওয়ার পাশাপাশি ড্রেসিং করা হয়েছে। আব্দুল্লাহ হাওলাদার এবং রায়হান রিফাত আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও সেলাই দিয়ে রিলিজ দেয়া হবে বলে জানা গেছে।