মেসির ক্যাম্পেওনেস শিরোপা জয়, বাংলায় ফেসবুক পোস্ট মায়ামির

Messi wins the Campeones title
অনলাইন ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন
মেসির ক্যাম্পেওনেস শিরোপা জয়, বাংলায় ফেসবুক পোস্ট মায়ামির
--সংগৃহীত ছবি

ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগদানের পর শিরোপা জেতা শুরু করেছে আমেরিকান ক্লাবটি। তিন বছরে তাদের শোকেসে উঠল চতুর্থ ট্রফি। ক্লাবটির জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার ১০০তম গোলের দিনে মায়ামি ২-০ ব্যবধানে ক্রুজ আজুলকে হারিয়েছে। মেক্সিকোর লিগা এমএক্স-জয়ী ক্লাবটিকে হারিয়ে আমেরিকার মেজর লিগ সকারজয়ী (এমএলএস) মায়ামি জিতল ক্যাম্পেওনেস কাপ।

আর এই শিরোপা জয়ের পর যেন বাংলাদেশের ভক্তদের সমর্থন জোগাতে উঠে-পড়ে লেগেছে ইন্টার মায়ামি ক্লাব কর্তৃপক্ষ। মেসিদের একাধিক ছবি সংযুক্ত করে বাংলাতে পোস্ট করেছে মায়ামি।

বাংলাদেশ সময় বেলা ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইন্টার মায়ামির ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে সংযুক্ত করা হয়েছে মোট ১০টি ছবি। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরেক রাত, আরেক শিরোপা।’ আর সেই ক্যাপশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ট্রফির ইমোজি।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই লিগজয়ীদের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ইন্টার মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে। যেখানে মায়ামি পজেশনে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে স্বাগতিকদের তটস্থ রেখেছিল ক্রুজ আজুল। তবে তাদের ফিনিশিং ব্যর্থতার বিপরীতে মেসি ও ক্যাসেমিরোর একটি করে গোলের সুবাদে ইন্টার মায়ামি জিতেছে।

ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল তার ১০০তম গোল। কাকতালীয়ভাবে মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির প্রথম গোলও এসেছিল এই ক্রুজ আজুলের বিপক্ষেই। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকান দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন তিনি।

এদিকে, ক্যাম্পেওনেস কাপের ম্যাচে ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেড করে মায়ামির ব্যবধান ২-০ করেন ক্যাসেমিরো।

মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার তিন বছর পর ক্লাবটি আরও একটি ট্রফি জিতল। ২০২৩ সালে লিগস কাপ জেতার পর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবার সেই ট্রফির তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস কাপ।