পঞ্চগড়ে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাসহ ১০ আটক
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামীলীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এ ঘটনায় পুলিশের পৃথক অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোদা উপজেলার পঞ্চগড়-বোদা মহাসড়কের ধকরাহাট সুবহানাকা পেট্রোল পাম্প এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এদিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৮ ও ৩৮ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে। মিছিলের ভিডিও ফুটেজে দেখা যায়, ১৫-২০ জন নেতাকর্মী একটি মিছিল করেন। মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদ্দাম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এ ষড়যন্ত্রমূলক মিথ্যা রায় মানি না, মানবো না, স্লোগান দেয়া হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা বলেন, আজকে দুপুরে আল আমিন নামের একজন এবং মিছিলের দিনেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলায় যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় যুবলীগ।
কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বের হচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। পরে রাত আড়াইটার দিকে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।