এশিয়ান গেমসে চীনের কাছে ১৩ গোল খেল বাংলাদেশ

Asian Games
অনলাইন ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন
এশিয়ান গেমসে চীনের কাছে ১৩ গোল খেল বাংলাদেশ
--সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে প্রথমবারের মতো নারী হকিতে খেলতে নেমেই কঠিন বাস্তবতার মুখে পড়ল বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে কার্যত একতরফা লড়াই হয়েছে।

শেষ পর্যন্ত ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে চীন।

চতুর্থ মিনিটেই ঝং জিয়াকির গোলে এগিয়ে যায় তারা। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ব্যবধান দাঁড়ায় ৪-০।

দ্বিতীয় কোয়ার্টারেও চীনের আক্রমণের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশের রক্ষণ। ২৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ঝং জিয়াকি।

প্রথমার্ধ শেষ হয় ৭-০ ব্যবধানে।

বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি। চীনের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশকে। পুরো ম্যাচে ১৫টি পেনাল্টি কর্নার ও দুটি পেনাল্টি স্ট্রোক পায় চীন।

৩৬ মিনিটে ইয়াং লিউ গোল করে ব্যবধান আরও বাড়ান। এরপর জু মেইরং ও চেন ইরাও নাম ওঠে স্কোরশিটে। শেষ কোয়ার্টারে ৫১ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে চীন ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।

অন্যদিকে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের শেষ মিনিটে উল্টো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের কণা আক্তার।

এশিয়ান গেমসের নারী হকিতে এবার অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। একই সঙ্গে এই আসরের ফলাফলের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইয়ের সমীকরণও জড়িত।

বাংলাদেশ রয়েছে পুল ‘এ’-তে। চীনের বিপক্ষে বড় হারের পর আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।