রাবির শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ‘ডেমো ক্লাস’, যোগ্য প্রার্থী বাছাইয়ে কঠোর প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুণগত মান বৃদ্ধি ও যোগ্য প্রার্থী বাছাইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় ডেমোনেস্ট্রেশন বা ‘ডেমো ক্লাস’ (শ্রেণিকক্ষে পাঠদানের সক্ষমতা পরীক্ষা) অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্তেও আনা হয়েছে আংশিক পরিবর্তন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষক পদের আবেদনকারীদের পাঠদান দক্ষতা যাচাইয়ের জন্য বাধ্যতামূলকভাবে ডেমো ক্লাস নেওয়া হবে। তবে প্রচলিত নীতিমালার বেশ কিছু শিক্ষাগত শর্ত বহাল থাকছে। আবেদনকারীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ এবং মেধা তালিকার প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে অবস্থান থাকতে হবে। পাশাপাশি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৯.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৮.৫০ নিশ্চিত করতে হবে। যেকোনো একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকা আবশ্যক। থিসিস বিভাগের শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো শিক্ষক নিয়োগ। প্রশাসন ও উপাচার্যের নৈতিক অবস্থান শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিফলিত হয়। তাই শুরু থেকেই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং গত ১৭ বছরের শিক্ষক নিয়োগের অভিজ্ঞতাও বিবেচনায় নিয়েছি। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রশাসন কোনো ধরনের আপস করবে না।"
উপাচার্য আরও জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক নিয়োগেও পরীক্ষামূলকভাবে ডেমো ক্লাস নেওয়া হয়েছিল এবং সেখানে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া সর্বোচ্চ যোগ্য প্রার্থীকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।