রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে ম্যারাথন "রান ফর সিল্ক"অনুষ্ঠিত

Marathon "Run for Silk"
আবুল কালাম আজাদ, রাজশাহী : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ, রাজশাহী : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ন
রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে ম্যারাথন "রান ফর সিল্ক"অনুষ্ঠিত
রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে ম্যারাথন "রান ফর সিল্ক"অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী রেশমশিল্পের জন্য পরিচিত রাজশাহীকে ‘সিল্ক সিটি’ হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্বাস্থ্যসচেতনতা বাড়াতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সিল্ক সিটি রানার্স কমিউনিটি এ আয়োজন করে।


উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন রাসিক প্রশাসক। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে ম্যারাথনটি ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে শেষ হয়।


পরে ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম সানি বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মোসা. রিক্তা পারভিন।


প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশমশিল্পের জন্যও পরিচিত। সিল্ক সিটি হিসেবে রাজশাহীর এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব। রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।


আয়োজকরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ জন রানার অংশ নেন। নারী-পুরুষের পাশাপাশি শিশু, কিশোর ও বয়স্কদের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।


আয়োজকদের ভাষ্য, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।