মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

4 arrested
অনলাইন ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার
--সংগৃহীত ছবি

নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার অভিযান এখনো চলছে।

 এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে তারা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যান। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছে পাবলিক হেলথ এডভোকেটস অব বাংলাদেশ (পিএইচএবি) নামে একটি সংগঠন।