রাষ্ট্রবিরোধী ভিডিওর অভিযোগে টিকটকার আলী গ্রেপ্তার
তার টিকটক আইডিতে প্রায় ৩৮ লাখের বেশি অনুসারী রয়েছে। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ভিডিও প্রকাশ করে তিনি বড় ধরনের অনুসারী গোষ্ঠী তৈরি করেছেন। শুধু বিনোদন নয়, নানা রকম শিক্ষামুলক ও সমাজ সচেতনতার ভিডিও নির্মাণ করেও তিনি পরিচিতি পেয়েছেন। এবার সেই ভিডিও তৈরিই কাল হলো তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে জনপ্রিয় টিকটকার সৈয়দ আলী জেইন বুখারী গ্রেপ্তার হয়েছেন। জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা তাকে ইসলামাবাদ থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় আলী জেইনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্য, জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য এবং বিদ্বেষমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ ওঠে। এরপর জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থার ইসলামাবাদ শাখার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।
আলী জেইনের বাড়ি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বড় ধরনের অনুসারী রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে ইসলামাবাদের কেন্দ্রীয় সাইবার অপরাধ থানায় নেওয়া হয়। তার মুঠোফোন, বহনযোগ্য কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র জব্দ করে সেগুলোর ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে বলে জানা গেছে।
এদিকে তার বিরুদ্ধে ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা করার প্রস্তুতি চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাষ্ট্রবিরোধী ভিডিও তৈরির পেছনে তার উদ্দেশ্য এবং অন্য কারও সহযোগিতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে আলী জেইনের নিজের বক্তব্য বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।