আওয়ামী লীগের পুরোনো মামলা ঘিরে রাজশাহীতে বিএনপির দুই এমপির বিরোধ
রাজশাহীর দুর্গাপুরে ২০২১ সালের আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধ থেকে দায়ের হওয়া এক হামলা-ভাঙচুরের মামলাকে কেন্দ্র করে বিএনপির দুই সংসদ সদস্য মুখোমুখি অবস্থানে জড়িয়েছেন।
রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ মামলার বাদী গোলাম মোস্তফাকে বিএনপির কর্মী দাবি করে তার পক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল সাজাপ্রাপ্ত ১২ আসামিকে বিএনপির সক্রিয় সদস্য দাবি করে তাদের সাজা মওকুফ ও মামলা প্রত্যাহারের জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছেন।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালের উপজেলা নির্বাচন ও পরবর্তীতে ২০২১ সালের দেলুয়াবাড়ি ইউনিয়নের রাজনৈতিক সহিংসতা কেন্দ্র করে। পরবর্তীতে ২০২২ সালে আদালত ওই মামলায় তৎকালীন যুবলীগ নেতাসহ ১২ জনকে ২ বছরের কারাদণ্ড দেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাজাপ্রাপ্তরা এবং বাদী— উভয়েই বিএনপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ শুরু করলে এ দ্বন্দ্ব দৃশ্যমান হয়।।
এমপি নজরুল ইসলাম মণ্ডল আসামিদের নির্দোষ ও বাদীকে আওয়ামী লীগের কর্মী দাবি করলেও, এমপি আবু সাঈদ চাঁদ ও স্থানীয় বিএনপি নেতারা তাকে ভুল তথ্য দেওয়ার জন্য সমালোচনা করেছেন।
ইতোমধ্যে বাদীর অভিযোগ, ১৯ সেপ্টেম্বর রাতে পুলিশ ও আসামিরা তার বাড়িতে গিয়ে মামলা তুলতে পরিবারকে হুমকি ও গুমের ভয় দেখায়। এ বিষয়ে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান, রায়ের পর মামলা তোলার বিষয়ে পুলিশ বাদীর বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না।
অপরদিকে রাজশাহী-৫ আসনের এমপি নজরুল ইসলাম মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি
।