আবারও দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ও মাংসপেশির চোটে থাকায় উইলিয়াম ও’রুর্ককে সেই দলে রাখা হয়নি। তবে পরবর্তী ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য বিবেচনায় ছিলেন ডানহাতি এই পেসার। এবার তিন ফরম্যাটের পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে গেছেন ও’রুর্ক।
বর্তমানে কিউই দলের অন্যতম প্রধান পেসারে পরিণত হয়েছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি এখনও চোট পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কোচ রব ওয়াল্টার হতাশা প্রকাশ করে বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজ মিস করাটা উইল-এর জন্য নিঃসন্দেহে হতাশাজনক।’
‘তার ওয়ানডে ও টেস্ট উভয় সিরিজেই খেলার কথা ছিল। তবে পরবর্তী আলোচনার পর আমরা সবাই একমত হয়েছি যে, তার জন্য সবচেয়ে ভালো হবে যদি সে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আরও কিছুটা সময় নেয় এবং নিরাপদে তার বোলিংয়ের চাপ (লোড়) বাড়াতে থাকে’, আরও যোগ করেন কিউই কোচ। এর আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার মার্ক চাপম্যান ও পেসার জ্যাক ফকস।
২৫ বছর বয়সী ও’রুর্কের সাম্প্রতিক সময়টা নানা চোট-আঘাতে জর্জরিত। পিঠের হাড়ের ফাটলজনিত চোটের (স্ট্রেস ফ্র্যাকচার) কারণে সাত মাস মাঠের বাইরে থাকার পর তিনি গত এপ্রিলে বাংলাদেশ সফরের সময় মাঠে ফেরেন। এরপর জুনে ইংল্যান্ড সফরে তিনটি টেস্টেই খেলেছিলেন ও’রুর্ক, কিন্তু নটিংহ্যামে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের শেষ দিনে আবারও হ্যামস্ট্রিংয়ে চোটে ছিটকে যান।
ওই সময় থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এখন পর্যন্ত ৪১টি আন্তর্জাতিক ম্যাচে কিউইদের প্রতিনিধিত্ব করা উইল ও’রুর্ক। সেই চোটের ধাক্কা আরও বড় হয়ে আসে আগস্টে। অনুশীলনের সময় পায়ের নিচের অংশের পেশিতে চোট পাওয়ায় তার মাঠে ফেরার বিষয়টি আরও পিছিয়ে যায়।
ক্রাইস্টচার্চে আগামী ২২ অক্টোবর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে আতিথ্য দেবে মিচেল স্যান্টনারের দল। ১ নভেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ। এরপর ৪ থেকে ১৫ নভেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরবর্তীতে দুটি টেস্ট খেলবে ভারত-নিউজিল্যান্ড।