মেধা ও যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের একমাত্র মাপকাঠি

Md. Mizanur Rahman Minu
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১০ অক্টোবর ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১০ অক্টোবর ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
মেধা ও যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের একমাত্র মাপকাঠি
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শিক্ষক নিয়োগে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিতে হবে। একই সঙ্গে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ভূমিমন্ত্রী।

মিনু আরও বললেন, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির ভবিষ্যৎ এবং দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক, কর্মচারী ও শিক্ষা উপকরণ দ্রুত সরবরাহের তাগিদ দেন মন্ত্রী। তিনি বললেন, বিদ্যালয়ের প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ঘাটতি দূর করতে আগামী কয়েক দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও নির্দেশনা দেন ভূমিমন্ত্রী। তিনি বিদ্যালয় প্রাঙ্গণের অব্যবহৃত পুকুরটি দ্রুত ভরাট করে নির্ধারিত সীমানা প্রাচীরের আওতায় আনার পরামর্শ দেন। একই সঙ্গে বিদ্যালয়ের সম্পত্তি দখল কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণের পরিবেশ আরও সমৃদ্ধ করতে আম, জাম ও তেঁতুলসহ বিভিন্ন ফলদ বৃক্ষরোপণের পরামর্শ দেন মন্ত্রী। এতে শিক্ষার্থীরা পুষ্টিকর ফল পাওয়ার পাশাপাশি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার জাহান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।