রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ

Attack on Riyadh airport
অনলাইন ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ
--সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


নিহত দুই বাংলাদেশি হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।


রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।


ঘটনার সময় বিমানবন্দর টার্মিনালে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসংখ্য যাত্রী অপেক্ষমাণ ছিলেন। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন।


ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।