অভিজিৎ দ্বীপকের দাদি আর নেই

Abhijit Island
অনলাইন ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন
অভিজিৎ দ্বীপকের দাদি আর নেই
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে-র দাদি মারা গেছেন। --সংগৃহীত ছবি

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে-র দাদি মারা গেছেন। আজ শনিবার (১০ অক্টোবর) বার্ধক্য ও দীর্ঘ অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। অভিজিৎ মুম্বাই থেকে আজ দিল্লিতে আসেন। এরপর তাকে সেখানকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যেই তার দাদি মারা গেছেন।

তিনি এ খবর পেয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়।

বার্তাসংস্থা আইএএনএস জানিয়েছে, শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলির সান্তুক পিম্পরি গ্রামে অভিজিতের দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। এর অংশ হিসেবে আজ শনিবার তাদের দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল।

এজন্য সকালে মুম্বাই থেকে বিমানে করে দিল্লির ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন অভিজিৎ দ্বীপকে এবং অন্য দুই সহযোগী। তখন তাদের বিমানের ভেতর থেকেই গ্রেপ্তার করা হয়।

দ্বীপকের বাবা-মা ভগবান দ্বীপকে এবং অনিতা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে আছেন। তার বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। দ্বীপকের দাদি মারা যাওয়ার খবর পাওয়ার পর তারা মহরাষ্ট্রের হিঙ্গোলিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিজিৎকে দাদীর শেষ যাত্রায় যোগ দিতে দেওয়া হবে কি না সেটি নিশ্চিত নয়।

যন্তরমন্তরে ককরোচ পার্টির জমায়েত ঠেকাতে দেশটির বিভিন্ন জায়গা থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এছাড়া দিল্লির মানুষই যেন যন্তরমন্তরে না আসতে পারেন সেজন্য সেখানকার মেট্রো সেবা বন্ধ করে দেওয়া হয়। এরসঙ্গে মোতায়েন করা হয় কেন্দ্রীয় পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্য।

ককরোচের সমর্থকরা যন্তরমন্তরে শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন কি না সেটি নিশ্চিত নয়।

সূত্র: আইএএনএস